শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। আগামী ১৪ ডিসেম্বর দিবসটি পালনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও আলোচনা সভার আয়োজন করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) জানা গেছে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
চূড়ান্ত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সংবাদপত্র, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে। সংবাদপত্রে প্রকাশ করা হবে বিশেষ নিবন্ধ ও সাহিত্য সাময়িকী। এ ছাড়া সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেবে। সকাল ৭টা ২২ মিনিটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা জানাবেন। সকাল সাড়ে আটটায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। এতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে।
দিবসের কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের আশপাশের রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধের বেদির সিঁড়ি শুকনো রাখা, পর্যাপ্ত ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপন এবং চিকিৎসক দল প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























