বরগুনা প্রতিনিধি: শীতের আগমনী বার্তা প্রকৃতিতে। রাতের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। এমন সময়ে উষ্ণতার অপেক্ষায় থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বরগুনা সরকারি শিশু পরিবারের ৩৯ শিশুর গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বরগুনা সরকারি শিশু পরিবারে শিশুদের হাতে শীতের উপহার হিসেবে কম্বল তুলে দিয়ে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি।
কম্বল বিতরণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। খোঁজ নেন তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবনযাপন ও ভবিষ্যতের স্বপ্নের কথা। অভিভাবকের স্নেহবঞ্চিত শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের মনে সাহস ও স্বপ্ন বুনে দেওয়ার চেষ্টা করেন তিনি।
কম্বল পেয়ে শিশুদের মধ্যেও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে। শিশুরা জেলা প্রশাসকের হাতে কম্বল পেয়ে আনন্দ আত্মহারা।
শিশুদের এমন আনন্দঘন মুহূর্তে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ‘শিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। প্রতিটি শিশুরই নিরাপদে বেড়ে ওঠা, সুশিক্ষা লাভ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। পারিবারিক স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত এসব শিশুর পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতাও। শীতের কষ্ট যেন তাদের পড়াশোনা, স্বাভাবিক জীবনযাপন ও আনন্দকে ম্লান করতে না পারে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে। মানবিক সহায়তার এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।
৩৯ শিশুর হাতে কম্বল তুলে দেওয়ার মধ্য দিয়ে জেলা প্রশাসনের এ উদ্যোগে ছড়িয়ে পড়ে মানবিকতার উষ্ণতা। শীত নিবারণের পাশাপাশি শিশুদের প্রতি এমন আন্তরিকতা ও ভালোবাসা তাদের মনে আপনজনের সান্নিধ্য ও নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তুলবে
এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ডেস্ক রিপোর্ট 






















