নীলফামারী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারীর সৈয়দপুরে ৩০০ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে এই গোশত দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আলম ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু। স্বাগত বক্তব্য রাখেন চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক নওশাদ আনসারী।

সভাপতির বক্তব্যে ইরফান আলম ইকু বলেন, “মহান আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় আমরা কুরবানি দিয়েছি। ঈদের এই আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সমভাবে উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পূর্বের মতই আগামীতেও এই চ্যারিটি ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাবে।
আলোচনা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে উপস্থিত ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কুরবানির গোশতের প্যাকেট তুলে দেন। এই ঈদ উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে দেখা যায়। এ সময় আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















