গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার এক বছর পর মঙ্গলবার রাতে মহানগরীর জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারি এলাকার এরশাদের ছেলে। সে জরুন এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন।

২০২৫ সালের ২৭ মে রাতে সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনিসহ একই পরিবারের সাতজন গুরুতর আহত হন। দীর্ঘ ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দীন পালোয়ান। হামলার ঘটনার পর নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও বাকি পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত শিহাব উদ্দিনকে বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।

ডেস্ক রিপোর্ট 






















