পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন । নিহত সবাই অটোরিকশাটির যাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার রাত পৌনে ১২ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক পেদার ছেলে কাউয়ুম উদ্দিন (৫০), অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০), বাউফল উপজেলার বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩) এবং গলাচিপার হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫)। নিহতরা সকলেই অটোরিক্সার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটিকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় বাসের নিচে চাপা পড়া অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসযাত্রী মহিবুল্লাহ বলেন, বাসটি শুরু থেকেই অনেক গতিতে চলছিল। হঠাৎ কী হয়েছে, কিছুই বুঝতে পারেননি। তবে আল্লাহ তাঁদের রক্ষা করেছেন।
আরেক বাসযাত্রী শিমুল আকন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বেড়াতে যাচ্ছিলেন। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে তাঁর পরিবারের কেউ আহত হননি।
স্থানীয় বাসিন্দা এনামুল বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে বাসটি খাদে পড়ে থাকতে দেখেন। বাসটির নিচে একটি অটোরিকশাও চাপা পড়েছিল। পরে স্থানীয়রা মিলে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















