ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে- পেলে নাকি লিওনেল মেসি? এই বিতর্কে এবার পেলের পক্ষ নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করলেও তার মতে, ফুটবল ইতিহাসে পেলের তুলনা হয় না। গতি, কৌশল ও নিখুঁত দক্ষতার সমন্বয়ে পেলে ছিলেন অনন্য।
ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক কলামে নিজের মতামত তুলে ধরেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা রোমারিও। সেখানে তিনি লেখেন, ‘মেসি কি পেলের চেয়ে বড়? মেসি একজন দানবীয় খেলোয়াড়, কিন্তু সে পেলের ধারেকাছেও নেই। গতি, কৌশল ও নিখুঁত দক্ষতার যে সমন্বয় পেলের ছিল, তেমন আর কেউ আসবে না।’
‘মেসির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু ৫০ বছর আগেই পেলে তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন।’
মেসির সাফল্য তাকে সর্বকালের সেরাদের আলোচনায় শক্ত অবস্থান দিয়েছে। তবে রোমারিওর বিশ্বাস, পেলের প্রতিভা ও ফুটবলে তার অগ্রণী ভূমিকার সঙ্গে কারও তুলনা চলে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই বিতর্কে তাই ব্রাজিলিয়ান কিংবদন্তির পছন্দ পেলে।
রোমারিওর এই মন্তব্যের পেছনে রয়েছে তার নিজেরও সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ার। ব্রাজিলের হয়ে ৭০টির বেশি ম্যাচে ৫৫ গোল করেছেন সাবেক এই স্ট্রাইকার। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ গোল করে ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন রোমারিও।

ডেস্ক রিপোর্ট 






















