চাঁদপুর প্রতিনিধি: মোবাইল ফোনের গ্যালারিতে থাকা একটি ছবির সূত্র ধরে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে বিদেশি পিস্তল ও দু রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নাহিদ হোসেন (চাচা) ও তার ভাতিজা মো. আরাফাত। এ সময় চেকপোস্ট থেকে আটক সন্দেহভাজন আরও ১০ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ভোরে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় সদর মডেল থানা পুলিশ। ওই সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে তাদের মোবাইল ফোন তল্লাশি করা হয়। তল্লাশিকালে এক যুবকের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, ছবিতে থাকা পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের।
পরে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া পৌরসভার করইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে নাহিদ হোসেনের শয়নকক্ষের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















