পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দুই দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৯ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে প্রথম দফায় প্রায় ২ কোটি টাকার এবং দ্বিতীয় দফায় প্রায় ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এ সময় ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুরের প্রথম ইউনিট। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা সরবরাহ অব্যাহত রাখা হয়।
এর আগে প্রথম দফায় গত ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রূপপুরের প্রথম ইউনিট। ওই দফায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। দুই দফা মিলিয়ে কেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬ লাখ টাকা।
তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















