নাশকতা, চোরাগোপ্তা হামলা, সহিংসতার আশঙ্কা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তবর্তী ৩০ জেলায় কড়াকড়ি আরোপ ও নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ককটেল তৈরিসহ বোমা বিস্ফোরণের ঝুঁকি কমাতে ঢাকাসহ সারাদেশে পণ্য ও গণপরিবহন ও কুরিয়ার সার্ভিসে নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া চোরাগোপ্তা হামলার শঙ্কায় সম্ভাব্য টার্গেট করা রাজনৈতিক ব্যক্তিবর্গকে সতর্ক করা ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, রেলপথে নজরদারি বৃদ্ধি করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তপথসহ সীমান্তবর্তী জেলাগুলোতে অচেনা-অজানা, অন্য জেলার বাসিন্দা কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো।
শুধু তাই নয়, সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলাসহ সাত জেলার পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ ছাড়াও অঙ্গসংগঠনগুলোকে অরাজকতা, নাশকতায় সহযোগিতা কিংবা যোগাযোগ রক্ষা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অন্তত তিন ডজন কর্মকর্তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সবশেষ গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটকের পর বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে কর্তব্যরত অবস্থায় আরও দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা হয়েছে।
৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে ৮৩টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৮৭টি স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গোপালগঞ্জে দুটি থানায় এবং বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার ধারাবাহিকতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে।
পুলিশ সদর দপ্তরের আশঙ্কা, এবার সরকারি স্থাপনার পাশাপাশি রাজনৈতিক নেতা ও ব্যক্তিবিশেষও হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। এর মধ্যে ২৯ ও ৩০ নভেম্বর নতুন করে লকডাউন কর্মসূচির প্রচার চলছে অনলাইনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আশঙ্কা, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ডিসেম্বর পর্যন্ত বিচ্ছিন্ন সহিংসতা ও নাশকতার চেষ্টা চলতে পারে। এ কারণে শুধু কর্মসূচির দিন নয়, তার আগের ও পরের সময়েও নিরাপত্তা নিশ্চিতে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিয়মিত টহল, সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি, অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালদের শনাক্ত করা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহ। সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের আশঙ্কা বিবেচনায় বিজিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপরও জোর দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেছেন, সীমান্তবর্তী এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















