আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বাণিজ্যে মূল্য কারসাজি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক বাণিজ্যের প্রতিটি পর্যায়ে পণ্যের প্রকৃত দাম যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
এ জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত প্রতিটি ব্যাংকে (এডি) আলাদা পর্যবেক্ষণ সেল গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি অনলাইন প্ল্যাটফর্মের সদস্যপদ নিয়ে পণ্যের দাম যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঋণপত্র (এলসি) খোলার আগে কিংবা আমদানি প্রক্রিয়া শুরুর সময় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের প্রকৃত দাম যাচাই করতে হবে। এ জন্য ব্যাংকগুলোকে নিজস্ব প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাশ্রয়ী মূল্যের অন্তত একটি ‘প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম’-এর সেবা নিতে হবে।
শুধু আমদানি নয়, রপ্তানি, সেবা খাতসহ সীমান্তপারের সব ধরনের বৈদেশিক লেনদেনেও পণ্যের ও সেবার দাম যৌক্তিক ও প্রতিযোগিতামূলক কি না, তা যাচাই করতে হবে। এ লক্ষ্যে ব্যাংকগুলোর গঠিত বিশেষ সেল কেন্দ্রীয়ভাবে দাম পর্যবেক্ষণ ও যাচাইয়ের দায়িত্ব পালন করবে।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি মূল্য দেখিয়ে (ওভার-ইনভয়েসিং) বিদেশে অর্থ পাচারের ঘটনা ঘটে। অন্যদিকে রপ্তানিতে পণ্যের দাম কম দেখিয়ে (আন্ডার-ইনভয়েসিং) প্রকৃত রপ্তানি আয় দেশে না আনার সুযোগ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে আমদানি-রপ্তানির মূল্য যাচাই করা হলে এ ধরনের কারসাজি ও অর্থ পাচার শনাক্ত করা সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি ব্যাংককে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন এবং অন্তত একটি আন্তর্জাতিক দাম যাচাইকারী প্ল্যাটফর্মের সদস্যপদ গ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নতুন নির্দেশনা অনুযায়ী বৈদেশিক বাণিজ্যের মূল্য যাচাই করতে হবে।

ডেস্ক রিপোর্ট 






















