গাজীপুর প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
গাজীপুরে মহাসড়ক অবরোধ ও পুলিশের ধাওয়া
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক পয়েন্টে এই অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

দুপুর ১২টার কিছু সময় পর বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছামাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন শ্রমিকরা। আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে।
এর আগে সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সেখানেও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সকাল থেকেই গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ দেখে শ্রমিকরা ঢিল ছুঁড়তে শুরু করলে আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















