পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পানছড়ি (বিজিবি)।
রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে নিয়মিত টহল চলাকালে হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে পুজগাংমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্পার্কেল ভিম, আমুল দুধ, কমফোর্ট, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, জিরা, চা-পাতা, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারা ওষুধ, ডারবিন ক্রিম, বরোলিন, ঝান্ডু বাম, আগরবাতি, পন্ডস পাউডার এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৭ হাজার ৭১৬ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























