মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ক্লিনিককে অর্থদণ্ড এবং অপর একটি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় ম্যাজিস্ট্রেট হিসেবে এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন। এ সময় অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূরঘাটা এলাকার ভূরঘাটা নিরাময় ক্লিনিকে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আলাউদ্দিন হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। পরিদর্শনে বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা সেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 























