নাটোরের সিংড়ায় অবৈধভাবে দেড় হাজার লিটার তেল মজুত রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মজুতকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রির শর্তে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা আদায় করেছে প্রশাসন।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা লাভের আশায় টুলুর মোড় এলাকার ব্যবসায়ী আসাদ আলী তার দোকানে বিপুল পরিমাণ তেল মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত তার দোকানে আকস্মিক অভিযান চালায়। অভিযানে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় দেড় হাজার লিটার তেল পাওয়া যায়। যা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিলেন।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী আসাদ আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি মজুত করে রাখা বিপুল পরিমাণ ওই তেল সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ কাজ করবেন না এই মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জনান ইউএনও।

ডেস্ক রিপোর্ট 






















