আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- পবিত্র মাহে রমজান শুধুমাত্র বাহ্যিকভাবে পানাহার ও শাহাওয়াত হতে বিরত থাকার জন্যই নয়, বরং বৈধ বিষয়াবলী সম্মুখে থাকাকালীন সময় নিজেকে সংবরণ করা ও নিয়ন্ত্রণের মাধ্যমে তাকওয়া তথা খোদাভীতির পথ অবলম্বন করা রমজানের প্রকৃত শিক্ষা। রমজানে ত্যাগ স্বীকার করা হল রোজাদারদের অন্যতম বৈশিষ্ট্য। শুধুমাত্র দিনের বেলায় কষ্ট সাধন করা আর রাতের বেলায় জাগরণ করা রমজানের প্রকৃত উদ্দেশ্য নয়, বরং মানুষের মানবীয় দুর্বলতার কারণে যে সমস্ত কু-রিপু গুলো বিদ্যমান রয়েছে সেগুলো সংশোধনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পন্থা খুঁজে বের করা এবং সেই শিক্ষাকে সারা বছর ধরে রাখাটাই রমজানের প্রকৃত উদ্দেশ্য।

১২ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরীব ইফতারের পূর্ব মূহুর্তে হযরত পীর ছাহেব কেবলা মাহফিলে আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন। ১৪ মার্চ শনিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।
মাহফিলে ১ম দিন অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সহ-গবেষণা ও প্রকাশনা সম্পাদক মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ প্রমূখ।

ডেস্ক রিপোর্ট 






















