বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ করলেন পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় আরোহণ করেছেন হাটহাজারির বুড়িশ্চর গ্রামের বাবর আলী।
শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন বাবর আলী।
টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে তিনি মাকালুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান।
এই সাফল্যের মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহী হিসেবেও নতুন কীর্তি গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন বাবর আলী। কারণ, শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।
নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির এই শৃঙ্গের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়, যেখান থেকে ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।
‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামের এই অভিযানের জন্য গত ৭ এপ্রিল নেপালে পৌঁছান বাবর আলী। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবালাম জয় করেন। ২০২৪ সালে আরোহণ করেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ লোৎসে। ২০২৫ সালে জয় করেন অন্নপূর্ণা-১ এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মানাসলু।
এই অভিযানের আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্যাম বন্ড, মাই হেলথ এবং চন্দ্রবিন্দু প্রকাশনী।
উল্লেখ্য, বাবর আলী হাটহাজারি উপজেলার বুড়িশ্চর গ্রামের সন্তান। তিনি পেশায় একজন ডাক্তার।

ডেস্ক রিপোর্ট 



















