একটি ফুটবল জার্সিতে সাধারণত কয়েকটি স্পনসর প্রতিষ্ঠানের লোগোই দেখা যায়। কিন্তু ইকুয়েডরের ক্লাব এল নাসিওনালের নতুন জার্সি যেন সেই ধারণাকেই বদলে দিয়েছে। ক্লাবটির নতুন জার্সিতে জায়গা পেয়েছে অবিশ্বাস্য ১৪৮টি স্পনসরের নাম ও লোগো।
আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইকুয়েডরের ক্লাবটি। সেই সংকট সামাল দিতে গত আগস্টে জার্সির বিভিন্ন জায়গা স্পনসরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেয় তারা। সমর্থক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান—যে কেউ অর্থের বিনিময়ে জার্সিতে জায়গা নিতে পেরেছেন।
স্পনসরশিপের প্যাকেজগুলোর দামও ছিল তুলনামূলক কম। ২৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত ছিল এসব প্যাকেজের মূল্য। সেই উদ্যোগেই শেষ পর্যন্ত জার্সিতে যুক্ত হয়েছে ১৪৮টি স্পনসরের নাম।
নতুন জার্সিটি মাঠেও দেখা গেছে। তবে নতুন এই পোশাকে অভিষেকটা সুখকর হয়নি এল নাসিওনালের। কুমবায়ার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা।
মাঠের ফলও ক্লাবটির বর্তমান অবস্থার প্রতিফলন দিচ্ছে। ইকুয়েডরের দ্বিতীয় বিভাগের ১২ দলের লিগে এল নাসিওনাল রয়েছে ১১ নম্বরে। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট, আর ১০ নম্বরে থাকা দলের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্ট।
আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়াতেই মূলত অভিনব এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি। ফলে জার্সিটি শুধু মাঠের পোশাক নয়, ক্লাবটির আর্থিক বাস্তবতারও প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

ডেস্ক রিপোর্ট 






















