বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের উদ্দ্যেশে আনা ২৬টি স্বর্ণের বারসহ তিনজন পাচারকারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে স্বর্ণেরবারসহ তিনজনকে আটক করেছে।

আটকরা হচ্ছেন, যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি হোসেন (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাক আলির ছেলে আব্দুল গনি (৫৪) ও সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল হোসেন (৪৬)।বিজিবির এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশি করে তিন কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর হেড রেস্ট এ বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটক স্বর্ণের বাজারমুল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন।
আটক পাচারকারিদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 






















