গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
রবিবার ২৭ সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২)। আহত আরজিনা (১৯) নিহত ইয়াছিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষ করে আলম এশিয়া পরিবহনের একটি বাসে টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন তারা। বাস থেকে নেমে স্টেশন রোডের ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাদের পিষে দেয়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মা আয়েশা খাতুনও মারা যান। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়ি ও চালককে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, ঘাতক চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেস্ক রিপোর্ট 






















