খুলনা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, মুসলিমদের বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা, নির্যাতন ও উসকানিমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। বিভিন্ন এলাকায় মুসলিমদের বাড়িঘর ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মসজিদে অগ্নিসংযোগের মতো ঘটনার মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, এসব ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্র।
তারা আরও বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তারা অবিলম্বে এ ধরনের উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, “মুসলমানরা শান্তিপ্রিয়। কিন্তু বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শুভেন্দু অধিকারীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় মুসলমানদের ওপর বর্তাবে না।”
সমাবেশ থেকে জাতীয় সংসদে শুভেন্দু অধিকারী এর বক্তব্যের নিন্দা জানিয়ে একটি প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা বলেন, এ বিষয়ে সরকার নীরব থাকলে সেটি মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















