কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা ও চাঁদপুর সফর কেন্দ্র করে সড়কে জনভোগান্তি কমাতে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৪মে) অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরে সংশ্লিষ্টরা স্বেচ্ছায় অনেক স্থাপনা সরিয়ে নেন এবং কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মহাসড়কের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।

এ সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির সিকদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. জাকির হোসেন, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বলেন, মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা ছাড়াই মানুষ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করুক।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই সড়ককে দখলমুক্ত ও চলাচল উপযোগী রাখতে প্রশাসনের এমন কার্যক্রম জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

ডেস্ক রিপোর্ট 






















