মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতায় কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
তিনি বলেন, “আমাদের সন্তানেরা শিক্ষিত হবে এবং কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় কাজ খুঁজে নিতে পারবে। তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে— সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।”
শনিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সমাজসেবক মামুন হোসেন বেপারী এবং রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লা।
এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ডেস্ক রিপোর্ট 






















