দিনভর বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। সদ্য ঘোষিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি স্থগিত করার পর এ সিদ্ধান্ত আসে। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের উপস্থিতিতে শিরোইল বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
জানা গেছে, নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে সোমবার সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। আকস্মিক এ কর্মসূচিতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলোও বন্ধ ছিল। কাউন্টারের সামনে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১৭ মে) বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
রফিকুল ইসলাম পাখির আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি জানায়। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও।
রাত ৯টার দিকে শিরোইল বাস টার্মিনালে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি স্থগিত থাকবে। ফেডারেশন কমিটি স্থগিত করেছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, সামনে ঈদ। আপনারা বাস চলাচল স্বাভাবিক করুন। ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে।

ডেস্ক রিপোর্ট 






















