চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশ সহজ করতে পাঁচটি গেটে বুথভিত্তিক পাস ইস্যু কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বন্দরের ওভারফ্লো বুথে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর একটি প্রথম শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস কোড অনুসরণকারী বন্দর। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে বন্দর পরিচালনায় গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হচ্ছে।
এর অংশ হিসেবে আগে থেকেই টার্মিনাল অপারেটিং সিস্টেম অ্যাপসের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করে গেট পাস সংগ্রহের ব্যবস্থা চালু ছিল। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দূর-দূরান্ত থেকে আসা অনেক চালক ও সহকারীরা অনলাইনে গেট পাস সংগ্রহে সমস্যায় পড়ছিলেন। পাশাপাশি গেটসংলগ্ন এলাকায় যানবাহন দাঁড় করিয়ে পাস নেওয়ার কারণে যানজট সৃষ্টি হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমেও প্রভাব পড়ছিল।
এসব সমস্যা সমাধানে বন্দরের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে পাঁচটি গেটে কন্টেইনার বক্সের মাধ্যমে বুথ স্থাপন করে সরাসরি গেট পাস ইস্যুর ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 






















