গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষকবৃন্দের জন্য মঞ্জুরকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের ফলাফল, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ‘গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। তিনি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অধিকতর প্রকাশনা, পেটেন্ট ও শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ডুয়েটে গবেষণাকেন্দ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সফলভাবে পরিচালনা, র্যাংকিং ও প্রকাশনা বৃদ্ধির জন্য গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধির জন্য ইউজিসিকে অনুরোধ জানান| তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা চাই গবেষণার ফলাফল যেন শিল্প কারখানা এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন গবেষণা কার্যক্রমের ধারাবাহিক মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণাকে সমাজে প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প পরিচালকগণ তাঁদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ অনুসন্ধান, অর্জিত ফলাফল এবং সম্ভাব্য প্রয়োগ বিষয়ে উপস্থাপনা করেন। প্রতিটি উপস্থাপনার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তবায়ন নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে গবেষণা ও প্রকল্প পরিচালকবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটেরপরিচালক, অন্যান্য দপ্তরের পরিচালক, অফিস প্রধানবৃন্দ,গবেষণা প্রকল্প পরিচালক, সহযোগী প্রকল্প পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















