ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শনিবার (২০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সায়েন্স ল্যাবরেটরির বিপরীতে হাউজ নাম্বার-১, রোড নাম্বার-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা হতে সব প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় ৩টি মামলার মাধ্যমে নগদ তিন হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার, দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের অভিযানে পৃথক স্থানে মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















