আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, অবৈধ স্থাপনা অপসারণ, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান বক্তব্য দেন। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সারাদেশে একই সময়ে শুরু হতে যাওয়া এ জাতীয় আয়োজনকে ঘিরে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি চলছে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পর্যন্ত প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দর সড়কের যেসব অংশে সংস্কার প্রয়োজন, চসিক সেগুলো দ্রুত সম্পন্ন করছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশমুখসহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) করণীয় কাজও দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, লালখান বাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ফুলের গাছ লাগানো ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচার এবং অন্যান্য অবকাঠামো অপসারণ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ দোকান এবং সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো অপসারণ না হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে মেয়র বলেন, এটি শিশু, কিশোর ও তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ক্রীড়া আয়োজন। তাই উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। চসিকের অধীন ৭৮টি স্কুল, ২৮টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযুক্ত বয়সী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। তাই এ প্রতিযোগিতা সফল করার মাধ্যমে চট্টগ্রামে ক্রীড়ার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।
সভায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নগরীর সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা অপসারণ, নিরাপত্তা, শিক্ষার্থীদের অংশগ্রহণ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে মেয়র উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চসিক, সিডিএ, শিক্ষা বিভাগ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 






















