ঠাকুরগাঁও প্রতিনিধি: “কৃষকের সাফল্যে ভালো বীজের বিকল্প নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাইব্রিড জাতের সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ পৌর শহরের জগথা খালপাড়া এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান গ্রীন লাইন সীড কোম্পানি এ মাঠ দিবসের আয়োজন করে।
স্থানীয় কৃষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, গ্রীন লাইন সীডের টেরিটরি সেলস ম্যানেজার অন্তর আলী, রাজু আহমেদ, তায়েফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন মুন্না ও স্থানীয় কৃষক আজিজুল হকসহ অনেকে।
মাঠ দিবসে গ্রীন লাইন সীডের ‘আয়শা’ জাতের হাইব্রিড চিচিঙ্গা চাষের বৈশিষ্ট্য, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও ফলন সম্ভাবনা তুলে ধরা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘আয়শা’ জাতের চিচিঙ্গা উজ্জ্বল সবুজ বর্ণের ও সাদা দাগযুক্ত। প্রতিটি ফলের দৈর্ঘ্য প্রায় ১২ থেকে ১৪ ইঞ্চি এবং গড় ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম। একরপ্রতি ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন পাওয়ার দাবি করা হয়েছে। বীজটির উৎস থাইল্যান্ড বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বক্তারা বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনায় উন্নত ও মানসম্মত বীজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক জাতের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে সবজির উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বৃদ্ধি ও কৃষি উৎপাদন আরও লাভজনক করার সুযোগ রয়েছে।
আলোচনা সভা শেষে কৃষকরা স্থানীয় জমিতে চাষাবাদ করা বিভিন্ন হাইব্রিড জাতের সবজি ক্ষেত ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা নেন।
মাঠ দিবসে স্থানীয় কৃষক, বীজ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















