জুবাইয়া বিন্তে কবির: একসময় সৌন্দর্যচর্চা বলতে বিউটি পার্লারে ত্বক ও চুলের পরিচর্যা, ফেসিয়াল কিংবা মেকআপকেই বোঝানো হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলেছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি এবং নগরজীবনের পরিবর্তিত চাহিদা সৌন্দর্যচর্চাকে নতুন মাত্রা দিয়েছে। মানুষের সৌন্দর্যচর্চা নতুন কোনো বিষয় নয়। প্রাচীন মিসরের রানি ক্লিওপেট্রার দুধে স্নান থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের আয়ুর্বেদিক রূপচর্চা কিংবা পারস্যের সুগন্ধি প্রতিটি সভ্যতাই সৌন্দর্যকে আত্মবিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিত্বের অংশ হিসেবে দেখেছে। একজন নারী গবেষক হিসেবে আমি গভীর আগ্রহ নিয়ে লক্ষ্য করেছি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা আত্মবিশ্বাসী ও পরিচ্ছন্ন জীবনের প্রত্যাশায় চিকিৎসাভিত্তিক সৌন্দর্যসেবার দিকে ঝুঁকছেন। তবে এই সম্ভাবনার পাশাপাশি রয়েছে অপতথ্য, অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড এবং অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে চিকিৎসা গ্রহণের উদ্বেগজনক ঝুঁকি। তাই সময়ের দাবি এই খাতকে কেবল বাজারের নয়, বিজ্ঞান, নৈতিকতা ও সুশাসনের আলোকে পরিচালিত করা। একবিংশ শতাব্দীতে সৌন্দর্যের ধারণা এক নতুন অর্থনৈতিক বাস্তবতায় রূপ নিয়েছে। এখন সৌন্দর্য কেবল প্রসাধনী ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, লেজার বিজ্ঞান, জেনেটিক গবেষণা এবং বৈশ্বিক সেবা অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি শিল্পে পরিণত হয়েছে।
বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। একসময়ের সীমিত কসমেটিক চিকিৎসা আজ নগরজীবনের অন্যতম দ্রুত বিকাশমান স্বাস্থ্যসেবা খাতে পরিণত হয়েছে। রাজধানী ঢাকার প্রায় প্রতিটি বাণিজ্যিক এলাকায় এখন আধুনিক অ্যাসথেটিক ক্লিনিক গড়ে উঠছে। একসময় যা ছিল উচ্চবিত্তের বিলাসিতা, তা এখন মধ্যবিত্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছেও ধীরে ধীরে সহজলভ্য হয়ে উঠছে। তরুণ-তরুণী, পেশাজীবী, উদ্যোক্তা থেকে শুরু করে প্রবীণ জনগোষ্ঠীর মধ্যেও ত্বক পরিচর্যা ও অ-অস্ত্রোপচারভিত্তিক সৌন্দর্য চিকিৎসার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সমানতালে বাড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার পরিধি। জননন্দিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক প্রত্যাশা আন্তর্জাতিক মানের নীতিমালা, গবেষণা, দক্ষ মানবসম্পদ, মাননিয়ন্ত্রণ এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করে অ্যাসথেটিক মেডিসিনকে একটি নিরাপদ, আধুনিক ও জ্ঞাননির্ভর শিল্পে রূপ দেওয়া হোক। কারণ সঠিক দিকনির্দেশনা পেলে এই খাত শুধু মানুষের আত্মবিশ্বাসই বাড়াবে না, বরং বাংলাদেশের সেবা অর্থনীতি, কর্মসংস্থান এবং চিকিৎসা পর্যটনের জন্যও উন্মোচন করবে এক নতুন সম্ভাবনার দিগন্ত। এই নিবন্ধে তাই সৌন্দর্য চিকিৎসাকে কেবল বাহ্যিক সৌন্দর্যের আলোচনায় নয়, বরং বিজ্ঞান, অর্থনীতি, তরুণ সমাজ এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের এক সম্ভাবনাময় অধ্যায় হিসেবে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।
অ্যাস্থেটিক চিকিৎসা আসলে কী? অ্যাস্থেটিক চিকিৎসা এমন একটি চিকিৎসাবিষয়ক শাখা, যার মূল লক্ষ্য রোগ নিরাময় নয়; বরং ত্বক, মুখমণ্ডল ও শরীরের বাহ্যিক সৌন্দর্য, তারুণ্য এবং আত্মবিশ্বাস ধরে রাখা বা উন্নত করা। বর্তমানে দেশের বিভিন্ন বিশেষায়িত ক্লিনিকে বলিরেখা কমানোর ইনজেকশন, ডার্মাল ফিলার, লেজার থেরাপি, পিআরপি (Platelet-Rich Plasma), কেমিক্যাল পিল, মাইক্রোনিডলিংসহ নানা ধরনের আধুনিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে এসব চিকিৎসা এখন আগের তুলনায় অনেক বেশি সহজলভ্য। বর্তমান বিশ্বে অ্যাসথেটিক মেডিসিন শুধু চিকিৎসা নয়; এটি বহু বিলিয়ন ডলারের বৈশ্বিক অর্থনৈতিক খাত। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, থাইল্যান্ড, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত এ খাতকে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমের অন্যতম চালিকাশক্তিতে পরিণত করেছে। বিশ্বের বহু দেশে প্রতি বছর লাখ লাখ মানুষ বোটক্স, ডার্মাল ফিলার, লেজার রিসারফেসিং, পিআরপি, হেয়ার ট্রান্সপ্লান্ট, থ্রেড লিফট এবং বিভিন্ন অ-অস্ত্রোপচারভিত্তিক চিকিৎসা গ্রহণ করছেন। এর ফলে শুধু হাসপাতাল নয়; ওষুধশিল্প, চিকিৎসা যন্ত্রপাতি, সফটওয়্যার, গবেষণা, প্রশিক্ষণ, পর্যটন এবং আতিথেয়তা শিল্পও সমানভাবে লাভবান হচ্ছে। আজকের বিশ্বে সৌন্দর্য চিকিৎসা আর বিলাসিতা নয়; এটি একটি পূর্ণাঙ্গ সেবা অর্থনীতি।
কীভাবে কাজ করে আধুনিক সৌন্দর্য চিকিৎসা? অ্যাস্থেটিক চিকিৎসার প্রতিটি পদ্ধতির লক্ষ্য আলাদা। বলিরেখা কমানোর ইনজেকশন মুখের নির্দিষ্ট পেশিকে সাময়িকভাবে শিথিল করে বলিরেখা কম দৃশ্যমান করে। ডার্মাল ফিলার ঠোঁট, গাল বা চোয়ালের হারিয়ে যাওয়া ভরাটভাব ফিরিয়ে আনতে সহায়তা করে। অন্যদিকে পিআরপি চিকিৎসায় রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেটসমৃদ্ধ অংশ সংগ্রহ করে ত্বকে প্রয়োগ করা হয়, যা কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বকের গঠন উন্নত করতে সহায়ক হতে পারে। এসব চিকিৎসা প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পন্ন হওয়াই নিরাপদ।
বাংলাদেশের অ্যাসথেটিক বাজারের দ্রুত সম্প্রসারণ
বাংলাদেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা শিল্প গত এক দশকে অভূতপূর্ব গতিতে বিস্তৃত হয়েছে। প্রসাধনী পণ্য, স্কিনকেয়ার, সেলুন, বিউটি পার্লার এবং চিকিৎসাভিত্তিক অ্যাসথেটিক সেবা মিলিয়ে এই বাজারের আকার এখন কয়েক হাজার কোটি টাকার শিল্পে পরিণত হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে চিকিৎসাভিত্তিক সৌন্দর্যসেবায়। আগে যেসব চিকিৎসার জন্য মানুষ ব্যাংকক, সিঙ্গাপুর কিংবা ভারতের বিভিন্ন শহরে যেতেন, এখন তার বড় অংশই দেশের বিভিন্ন বিশেষায়িত ক্লিনিকে পাওয়া যাচ্ছে। লেজার প্রযুক্তি, বোটক্স, ফিলার, মাইক্রোনিডলিং, পিআরপি, স্কিন রিজুভেনেশন এবং চুল প্রতিস্থাপন সেবা দেশের স্বাস্থ্যসেবা খাতকে একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে।
প্রযুক্তিই বদলে দিয়েছে সৌন্দর্য চিকিৎসার চিত্র :
বিশ্বের চিকিৎসাবিজ্ঞান যত এগিয়েছে, সৌন্দর্য চিকিৎসাও তত বেশি বৈজ্ঞানিক হয়েছে। একসময় মুখের বলিরেখা কমাতে বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হতো। বর্তমানে কয়েক মিনিটের বোটক্স কিংবা ডার্মাল ফিলার চিকিৎসায় একই ধরনের ফলাফল অনেক ক্ষেত্রে অর্জন করা সম্ভব হচ্ছে। আধুনিক লেজার প্রযুক্তি এখন জন্মদাগ, ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ, অবাঞ্ছিত লোম, এমনকি সূক্ষ্ম রক্তনালীর সমস্যাও তুলনামূলক নিরাপদভাবে চিকিৎসা করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্বক বিশ্লেষণ, ত্রিমাত্রিক মুখমণ্ডল স্ক্যানিং এবং ডিজিটাল চিকিৎসা পরিকল্পনা ইতোমধ্যেই উন্নত বিশ্বের বহু ক্লিনিকে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশেও এসব প্রযুক্তির বিস্তার ঘটবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
দক্ষিণ কোরিয়া থেকে তুরস্ক: বিশ্বের সফলতার গল্প :
বর্তমানে দক্ষিণ কোরিয়াকে বিশ্বের অন্যতম “বিউটি ক্যাপিটাল” বলা হয়। কসমেটিক সার্জারি, স্কিনকেয়ার গবেষণা এবং প্রযুক্তিনির্ভর চিকিৎসার কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যান। এর মাধ্যমে দেশটি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
অন্যদিকে তুরস্ক চুল প্রতিস্থাপন শিল্পে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর ইস্তাম্বুলে চিকিৎসা নিতে যান। থাইল্যান্ড স্বাস্থ্য পর্যটনের সঙ্গে অ্যাসথেটিক চিকিৎসাকে যুক্ত করে একটি শক্তিশালী অর্থনৈতিক খাত গড়ে তুলেছে। একইভাবে ভারত তুলনামূলক কম ব্যয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়ে বিদেশি রোগীদের আকৃষ্ট করছে। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। দক্ষ চিকিৎসক, আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রণব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং সুশাসন নিশ্চিত করা গেলে বাংলাদেশও ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অ্যাসথেটিক মেডিসিন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম: সৌন্দর্যের নতুন বাজার, নাকি নতুন চাপ? ডিজিটাল যুগে সৌন্দর্যের ধারণা আর কেবল আয়নার সামনে সীমাবদ্ধ নেই; এটি এখন স্মার্টফোনের পর্দায় নির্মিত এক নতুন বাস্তবতা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব সৌন্দর্যচর্চাকে বৈশ্বিক সংস্কৃতিতে পরিণত করেছে। প্রতিদিন কোটি কোটি মানুষ ‘বিফোর-আফটার’ ছবি, স্কিনকেয়ার রুটিন, লেজার চিকিৎসা কিংবা বোটক্সের অভিজ্ঞতা দেখছেন। ফলে অ্যাসথেটিক চিকিৎসা নিয়ে যে সামাজিক সংকোচ একসময় ছিল, তা দ্রুত কমে আসছে। তবে এই পরিবর্তনের আরেকটি দিকও রয়েছে। অতিরিক্ত ফিল্টার, কৃত্রিমভাবে সম্পাদিত ছবি এবং অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড অনেক তরুণ-তরুণীর মধ্যে আত্মঅবিশ্বাস সৃষ্টি করছে। মনোবিজ্ঞানীরা মনে করেন, সৌন্দর্যচর্চা তখনই ইতিবাচক, যখন তা আত্মসম্মান বৃদ্ধি করে; কিন্তু যদি তা সামাজিক চাপের কাছে আত্মসমর্পণে পরিণত হয়, তবে মানসিক স্বাস্থ্যের জন্য তা উদ্বেগের কারণ হতে পারে। তাই সৌন্দর্য যেন আত্মবিশ্বাসের উৎস হয়, আত্মঅবমূল্যায়নের নয়।
নারীর কর্মসংস্থান ও নতুন অর্থনীতির শক্তিশালী ভিত্তি :
বাংলাদেশে অ্যাসথেটিক শিল্পের সবচেয়ে ইতিবাচক দিকগুলোর একটি হলো নারীর কর্মসংস্থান। চিকিৎসক, ডার্মাটোলজিস্ট, থেরাপিস্ট, নার্স, কসমেটোলজিস্ট, বিউটি কনসালট্যান্ট, মার্কেটিং এক্সিকিউটিভ এবং উদ্যোক্তা—বিভিন্ন পর্যায়ে হাজারো নারী এই খাতের সঙ্গে যুক্ত হচ্ছেন।
একটি আধুনিক অ্যাসথেটিক ক্লিনিক শুধু চিকিৎসা দেয় না; এটি দক্ষ জনবল সৃষ্টি করে, প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেয় এবং উচ্চমূল্যের সেবা অর্থনীতিকে গতিশীল করে। পাশাপাশি দেশীয় প্রসাধনী শিল্প, চিকিৎসা সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল বিপণন ও ই-কমার্সও এই খাতের সম্প্রসারণের সুফল পাচ্ছে। অর্থনীতির দৃষ্টিতে এটি একটি বহুগুণ প্রভাব (Multiplier Effect) সৃষ্টি করছে, যা ভবিষ্যতে দেশের সেবা খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
মেডিকেল ট্যুরিজম: বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা :
বিশ্বের বহু দেশ সৌন্দর্য চিকিৎসাকে চিকিৎসা পর্যটনের অন্যতম প্রধান খাতে পরিণত করেছে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে প্রতিবছর লাখো বিদেশি রোগী চিকিৎসা নিতে যান। চিকিৎসার পাশাপাশি হোটেল, পরিবহন, রেস্তোরাঁ, পর্যটন এবং খুচরা ব্যবসাও এর মাধ্যমে লাভবান হয়। বাংলাদেশ এখনও এই যাত্রার শুরুতে। তবে দক্ষ চিকিৎসক, তুলনামূলক কম চিকিৎসা ব্যয় এবং আধুনিক হাসপাতাল অবকাঠামোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বিদেশি রোগীদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপদ অ্যাসথেটিক সেবা গড়ে তোলা গেলে এটি একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী সেবা খাতে পরিণত হতে পারে। যে দেশ একসময় চিকিৎসার জন্য রোগী বিদেশে পাঠাত, সেই দেশই একদিন বিদেশি রোগীদের গন্তব্যে পরিণত হতে পারে—যদি এখন থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া যায়।
খরচ কত এবং কারা নিচ্ছেন এই চিকিৎসা? বর্তমানে ঢাকার বিভিন্ন ক্লিনিকে বলিরেখা কমানোর ইনজেকশনের খরচ সাধারণত ৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। আর বলিরেখা কমানোর ইনজেকশন, ডার্মাল ফিলার ও থ্রেড লিফটসহ পূর্ণাঙ্গ মুখের চিকিৎসায় ব্যয় হতে পারে ৪০ থেকে ৬০ হাজার টাকা বা তারও বেশি। অধিকাংশ ক্ষেত্রেই এর ফল চার থেকে ছয় মাস স্থায়ী হয়। আগে এসব চিকিৎসা শুধু উচ্চ আয়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন মধ্যবিত্ত চাকরিজীবী, উদ্যোক্তা এবং তরুণ পেশাজীবীদের মধ্যেও এর গ্রহণযোগ্যতা বাড়ছে।
নিয়ন্ত্রণহীন বাজার: সম্ভাবনার সঙ্গে বাড়ছে ঝুঁকি : অ্যাসথেটিক চিকিৎসা শুধু সৌন্দর্যসেবা নয়; এটি চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা। তাই বোটক্স, ডার্মাল ফিলার, লেজার কিংবা পিআরপি অবশ্যই প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া উচিত। কিন্তু দেশে এখনও কার্যকর লাইসেন্সিং ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়ায় অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে চিকিৎসার ঝুঁকি রয়ে গেছে। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি।
বিনিয়োগ, উদ্ভাবন ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় : অ্যাসথেটিক মেডিসিন বাংলাদেশের সেবা অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত। আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নতুন বিনিয়োগ ও দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি শুধু সৌন্দর্যের বাজার নয়; জ্ঞান, প্রযুক্তি ও আস্থাভিত্তিক একটি উদীয়মান শিল্প।
নীতিমালা ও সুশাসন: নিরাপদ শিল্পের ভিত্তি : টেকসই অ্যাসথেটিক শিল্প গড়তে কার্যকর নীতিমালা, কঠোর মাননিয়ন্ত্রণ এবং জবাবদিহির বিকল্প নেই। ক্লিনিক নিবন্ধন, চিকিৎসকের যোগ্যতা, ওষুধ ও যন্ত্রপাতির মান এবং রোগীর অধিকার নিশ্চিত করতে হবে। কারণ ভুল চিকিৎসা বা নিম্নমানের উপকরণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই আকর্ষণীয় বিজ্ঞাপনের চেয়ে চিকিৎসার নিরাপত্তাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।
গবেষণা ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ : অ্যাসথেটিক চিকিৎসার ভবিষ্যৎ নির্ভর করবে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর। বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত প্রশিক্ষণ, ফেলোশিপ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো জরুরি। কারণ দক্ষ মানবসম্পদই একটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা শিল্পের মূল শক্তি।
অর্থনীতির নতুন দিগন্ত : দেশীয় প্রসাধনী শিল্প, চিকিৎসা সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পর্যটন এবং দক্ষ মানবসম্পদের সমন্বয়ে অ্যাসথেটিক খাত একটি শক্তিশালী অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হতে পারে। সঠিক নীতিমালা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে বাংলাদেশও বৈদেশিক রোগী আকর্ষণ করে চিকিৎসাভিত্তিক সেবা রপ্তানির নতুন বাজার তৈরি করতে সক্ষম হবে।
সৌন্দর্য হোক আত্মবিশ্বাসের, নয় কৃত্রিম প্রতিযোগিতার :
সৌন্দর্যচর্চার উদ্দেশ্য মানুষের স্বাভাবিক পরিচয়কে বদলে দেওয়া নয়; বরং সুস্থতা, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসকে বিকশিত করা। তাই অ্যাসথেটিক চিকিৎসা হতে হবে সচেতন, বৈজ্ঞানিক ও নৈতিক সিদ্ধান্তের ফল—সামাজিক চাপ বা অবাস্তব সৌন্দর্যের প্রতিযোগিতার নয়। চিকিৎসকের নৈতিকতা, রোগীর সচেতনতা এবং রাষ্ট্রের কার্যকর তদারকির সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও মানবিক অ্যাসথেটিক শিল্প।
পরিশেষে, পরিশেষে বলা যায়, একটি জাতির অগ্রগতি কেবল তার অবকাঠামো, শিল্প কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; সেই অগ্রগতির অন্যতম মানদণ্ড হলো মানুষকে ঘিরে গড়ে ওঠা জ্ঞান, স্বাস্থ্য, প্রযুক্তি এবং মানবিক উন্নয়নের পরিসর। অ্যাসথেটিক চিকিৎসা আজ সেই নতুন বাস্তবতারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা যথাযথ পরিকল্পনা, গবেষণা, নৈতিকতা এবং কার্যকর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত হলে বাংলাদেশের জন্য একটি উচ্চমূল্যের সেবা অর্থনীতিতে রূপ নিতে পারে।
আমাদের দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সামনে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সৌন্দর্যের সংজ্ঞা হবে আত্মবিশ্বাস, সুস্থতা, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিত্বের বিকাশ; কৃত্রিম প্রতিযোগিতা কিংবা সামাজিক চাপ নয়। একই সঙ্গে তাদের বৈজ্ঞানিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং নিরাপদ চিকিৎসা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলাও সমান জরুরি। জননন্দিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত প্রত্যাশা অ্যাসথেটিক মেডিসিনকে একটি নিরাপদ, নিয়ন্ত্রিত, গবেষণানির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা খাত হিসেবে বিকশিত করার জন্য দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণায় বিনিয়োগ, ক্লিনিকের মাননিয়ন্ত্রণ এবং রোগীর অধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হোক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন করা হোক, যাতে বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদা পূরণেই নয়, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা বাজারেও একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করতে পারে। একজন নারী গবেষক, অর্থনীতিবিদ ও কলামিস্ট হিসেবে আমার বিশ্বাস বিজ্ঞান যখন নৈতিকতার সঙ্গে, প্রযুক্তি যখন মানবকল্যাণের সঙ্গে এবং রাষ্ট্র যখন দূরদর্শী নীতিনির্ধারণের মাধ্যমে সম্ভাবনাকে লালন করে, তখন নতুন শিল্পের জন্ম হয়, নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং জাতির জন্য উন্মোচিত হয় উন্নয়নের নতুন দিগন্ত। সৌন্দর্য চিকিৎসার এই উদীয়মান অর্থনীতি তাই কেবল মুখের হাসি ফিরিয়ে দেওয়ার গল্প নয়; এটি একটি আত্মবিশ্বাসী প্রজন্ম, দক্ষ মানবসম্পদ, উদ্ভাবননির্ভর অর্থনীতি এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নির্মাণেরও এক সম্ভাবনাময় অধ্যায়। আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি বিশ্বস্ত, নিরাপদ এবং আন্তর্জাতিক মানের অ্যাসথেটিক মেডিসিন ও স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
লেখক : জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট

ডেস্ক রিপোর্ট 






















