জুবাইয়া বিন্তে কবির: কোনো কোনো দিন শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়; একটি জনপদের বহু বছরের অপেক্ষা, স্বপ্ন, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে। বরিশালের জন্য আজকের দিনটি তেমনই এক দিন। কীর্তনখোলার ঢেউ, সন্ধ্যা নদীর বাতাস, সুগন্ধা, তেঁতুলিয়া ও মেঘনার জলরাশি যেন একই সুরে উচ্চারণ করছে “স্বাগতম, প্রধানমন্ত্রী।” দক্ষিণ বাংলার মানুষ আজ কেবল একজন সরকারপ্রধানকে বরণ করছে না; তারা স্বাগত জানাচ্ছে নতুন সম্ভাবনা, নতুন উন্নয়ন-দর্শন এবং ভবিষ্যতের এক নতুন অভিযাত্রাকে। নগরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পর্যন্ত আজ এক অনন্য উৎসবের আবহ। মানুষের চোখে আনন্দ, কণ্ঠে প্রত্যাশা, হৃদয়ে বিশ্বাস এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে।
মিছিলের শহর, ভালোবাসার জনপদ : ভোরের আলো ফুটতেই বরিশালের দশ উপজেলার ৮৮টি ইউনিয়ন, নদীবেষ্টিত চরাঞ্চল, উপকূলীয় জনপদ এবং শহরতলি থেকে হাজার হাজার মানুষ নগরমুখী হন। কারও হাতে দলীয় পতাকা, কারও কণ্ঠে স্বাগতধ্বনি, কারও চোখে অদেখা স্বপ্নের দীপ্তি। দিনের সঙ্গে সঙ্গে সদর রোড, অশ্বিনী কুমার হল চত্বর, টাউন হল, বন্দর রোড, নথুল্লাবাদ, রূপাতলী ও কাশীপুর এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ঢাক, কাঁসি, দেশাত্মবোধক গান এবং আনন্দ মিছিলের ছন্দে বরিশাল যেন পরিণত হয় এক প্রাণোচ্ছল জনসমুদ্রে।
ঢাকার গুলশান থেকে বরিশালের উদ্দেশে যাত্রার পর মুন্সিগঞ্জ, পদ্মা সেতু, ভাঙ্গা, মাদারীপুর, গৌরনদী হয়ে বরিশাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে অগণিত মানুষ হাত নেড়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান। সকাল সাড়ে নয়টার দিকে গৌরনদীর ভূরঘাটায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর গৌরনদীর কর্মসূচি শেষে তিনি বরিশাল নগরের বেলস পার্কে পৌঁছান। পুরো সফরজুড়ে মহাসড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের ভালোবাসা যেন প্রমাণ করে এটি ছিল কেবল একটি রাজনৈতিক সফর নয়, বরং দক্ষিণাঞ্চলের মানুষের আশা, আবেগ ও প্রত্যাশার এক বিরল মিলনমেলা। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বহু সফর দেখেছে এই নগরী, কিন্তু আজকের আবেগের গভীরতা যেন ভিন্ন মাত্রা যোগ করেছে দক্ষিণের রাজনৈতিক সংস্কৃতিতে।
প্রধানমন্ত্রীকে ঘিরে সফরসঙ্গী: নেতৃত্ব, জ্ঞান ও রাষ্ট্রীয় দায়িত্বের সম্মিলিত অভিযাত্রা : প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আজ বরিশাল সফরকে ঘিরে তাঁর সফরসঙ্গীদের উপস্থিতিও বিশেষ গুরুত্ব বহন করছে। রাষ্ট্রীয় ও সাংগঠনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র প্রফেসর, শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব, ঝালকাঠির কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. মো. মোর্শেদ হাসান খান। তাঁর উপস্থিতি শুধু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়ই নয়, বরং শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের প্রতি সরকারের অগ্রাধিকারেরও প্রতীক। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন, যিনি সফরের সার্বিক গণমাধ্যম সমন্বয়, তথ্যপ্রবাহ এবং সরকারি কর্মসূচির বাস্তবায়ন তদারকির দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের নীতিনির্ধারক, নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারাও এই সফরে অংশ নিয়েছেন।
আনুষ্ঠানিকতার বদলে কর্মসূচির বার্তা : সরকারপ্রধানের সফর মানেই অতীতে ছিল বিশাল তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও জাঁকজমকপূর্ণ জনসভা। কিন্তু এবারের সফরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কেন্দ্রের নির্দেশনায় কোথাও অপ্রয়োজনীয় সাজসজ্জা নয়, নেই ব্যয়বহুল আয়োজন। পরিবর্তে গুরুত্ব পেয়েছে বৃক্ষরোপণ, খালপাড় সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি। গৌরনদীর বাটাজোর-সরিকল খালের তীর এবং বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উন্নয়নের একটি প্রতীকী বার্তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভা প্রমাণ করে দলীয় শক্তিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের মানচিত্র : বরিশালের মানুষের প্রত্যাশা আজ কেবল একজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি কয়েক দশকের উন্নয়ন-প্রত্যাশার এক সম্মিলিত উচ্চারণ। কীর্তনখোলা, তেঁতুলিয়া, আড়িয়াল খাঁ, বিষখালী, পায়রা ও মেঘনার অববাহিকায় বিস্তৃত এই জনপদ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারেনি। তাই দক্ষিণাঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের প্রত্যাশা আজ এক অভিন্ন কণ্ঠে উচ্চারিত হচ্ছে। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ,
জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বিএনপি নেতা এবায়দুল হক চান, জিয়াউদ্দিন সিকদারসহ বরিশালের শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়েই দক্ষিণাঞ্চলের বহু বছরের উন্নয়ন-স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সুদৃঢ় হবে। তাঁদের অগ্রাধিকারপ্রাপ্ত দাবির মধ্যে রয়েছে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, বরিশাল–ভোলা সেতু নির্মাণ, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহ, ঢাকা–বরিশাল রেলপথ স্থাপন, পায়রা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সম্প্রসারণ, নদীভাঙন প্রতিরোধ এবং আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামো গড়ে তোলার দাবি।
তাঁদের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি রাজনৈতিক সফর নয়; এটি দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর অঙ্গীকারকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। বরিশালের মানুষ আজ আশা করছেন, এই সফরের হাত ধরেই দক্ষিণ বাংলার সম্ভাবনা, প্রাকৃতিক সম্পদ, কৃষি, নদী, নীল অর্থনীতি ও মানবসম্পদ জাতীয় উন্নয়নের মূল স্রোতে আরও শক্তিশালীভাবে যুক্ত হবে এবং দক্ষিণাঞ্চলের জন্য সূচিত হবে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনার এক নতুন অধ্যায়।
প্রস্তুতির প্রতিটি ধাপে শৃঙ্খলা, সৌন্দর্য ও দায়িত্ববোধ :
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশালজুড়ে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি ছিল সুপরিকল্পিত। সফরস্থলগুলোতে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। গৌরনদীর বাটাজোর-সরিকল খাল, ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকা এবং জেলা শিল্পকলা একাডেমিতে দফায় দফায় পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। সার্কিট হাউসেও গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। উল্লেখযোগ্য বিষয় হলো কোনো ধরনের বাহুল্য, অযথা যানজট কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না করে একটি পরিমিত, পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল রাষ্ট্রীয় সফরের পরিবেশ গড়ে তোলার চেষ্টা সর্বত্র লক্ষ্য করা গেছে।
মানুষের ভালোবাসাই নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি : কোনো নেতার প্রতি জনগণের প্রকৃত ভালোবাসা কেবল স্লোগানে নয়, বরং তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিকতা এবং প্রত্যাশার মধ্যেই প্রতিফলিত হয়। বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে শহরের প্রাণকেন্দ্র পর্যন্ত মানুষের অংশগ্রহণ সেই বাস্তবতারই বহিঃপ্রকাশ। প্রবীণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে তরুণ প্রজন্ম, নারী, শিক্ষার্থী, কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছিল এক ধরনের আবেগঘন উচ্ছ্বাস। অনেকেই বলেছেন, দীর্ঘদিন পর বরিশালকে ঘিরে এমন ইতিবাচক আলোচনার জন্ম হয়েছে। তাঁদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে। কারণ একটি অঞ্চলের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই উন্নয়নের সুফল পৌঁছে যায় কৃষকের ক্ষেতে, জেলের নৌকায়, শিক্ষার্থীর শ্রেণিকক্ষে, উদ্যোক্তার কারখানায় এবং সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে।
বরিশালের রাজনৈতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক চেতনার ধারাবাহিকতা : বরিশাল শুধু নদী, নৌকা আর সবুজের জনপদ নয়; এটি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রতিটি ঐতিহাসিক বাঁকে দক্ষিণাঞ্চলের মানুষ সক্রিয় ভূমিকা রেখেছেন। এই অঞ্চলের মানুষ রাজনৈতিক মতাদর্শকে শুধু ভোটের মাধ্যমে নয়, ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক শক্তির মাধ্যমেও ধারণ করেছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও বরিশালের মানুষ গণতন্ত্র, জবাবদিহি, সুশাসন ও উন্নয়নের প্রত্যাশাকে সমান গুরুত্ব দেন। তাই বরিশালের মানুষ আজ যে দাবিগুলো উত্থাপন করছেন সেগুলো রাজনৈতিক স্লোগান নয়, বরং দীর্ঘদিনের নাগরিক প্রত্যাশার প্রতিফলন। উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ নদী, টেকসই বাঁধ, আধুনিক হাসপাতাল, শিল্পাঞ্চল, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা এবং পরিবেশবান্ধব নগরায়ণ এসবই একটি উন্নত দক্ষিণাঞ্চলের ভিত্তি। তাই প্রধানমন্ত্রী হিসেবে তারুণ্যের অহংকার, বরিশালের উন্নয়নের আশা আকাঙ্খার প্রতিক দেশনায়ক তারেক রহমানের এই প্রথম বরিশাল সফরকে তারা একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে নয়, বরং নতুন রাজনৈতিক সংলাপ, উন্নয়নের অঙ্গীকার এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের সম্ভাবনাময় সূচনা হিসেবে দেখছেন।
শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের নতুন স্বপ্ন:কোনো অঞ্চলের স্থায়ী উন্নয়ন কেবল সড়ক, সেতু কিংবা ভবন নির্মাণে নয়; বরং শিক্ষিত, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার মধ্যেই নিহিত থাকে। দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণাগার প্রতিষ্ঠা, বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল গবেষণা কেন্দ্র, সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার বিস্তার আজ সময়ের দাবি। বরিশালের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী প্রতিবছর উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য রাজধানীমুখী হয়। এই প্রবণতা কমাতে হলে স্থানীয় পর্যায়েই বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার পথে দক্ষিণাঞ্চলকে একটি শক্তিশালী মানবসম্পদ কেন্দ্রে পরিণত করাই হতে পারে আগামী দিনের অন্যতম বড় বিনিয়োগ।
বরিশালের হৃদয়ে জেগে ওঠা নতুন প্রত্যাশা : আজকের বরিশাল শুধু উৎসবের নগরী নয়; এটি প্রত্যাশার নগরী। বহু বছর ধরে অবহেলিত সম্ভাবনার দরজায় আজ যেন নতুন আলো এসে কড়া নাড়ছে। কীর্তনখোলার ঢেউ, গ্রামের সবুজ ধানক্ষেত, নদীর তীর, জেলের নৌকা, কৃষকের মাঠ, শিক্ষার্থীর শ্রেণিকক্ষ সবখানেই একটি সাধারণ প্রত্যাশা উচ্চারিত হচ্ছে: উন্নয়নের সুফল যেন প্রত্যন্ত মানুষের জীবনেও পৌঁছে যায়। বরিশালের মানুষের প্রত্যাশা কোনো অলীক কল্পনা নয়; বরং বাস্তব চাহিদা ও সম্ভাবনার ওপর প্রতিষ্ঠিত। উন্নত সড়ক, নিরাপদ নৌপথ, আধুনিক রেলসংযোগ, শিল্পাঞ্চল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, মৎস্যসম্পদভিত্তিক শিল্প, পর্যটন অবকাঠামো, তথ্যপ্রযুক্তি পার্ক, উন্নত চিকিৎসাসেবা এবং বিশ্বমানের উচ্চশিক্ষার বিস্তার এসবই এই অঞ্চলের ভবিষ্যৎ অগ্রগতির অপরিহার্য উপাদান। মানুষের বিশ্বাস, পরিকল্পিত বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল বাস্তবায়িত হলে বরিশাল শুধু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারই থাকবে না; এটি জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী প্রবৃদ্ধি অঞ্চলে পরিণত হতে পারে। জননন্দিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ঘিরে তাই মানুষের প্রত্যাশা ব্যক্তিকেন্দ্রিক নয়; বরং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও সম্ভাবনাময় দক্ষিণাঞ্চল গড়ে তোলার স্বপ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
পরিশেষে, ইতিহাস সাক্ষ্য দেয় কোনো জনপদের উন্নয়ন কেবল সরকারি প্রকল্পে নয়, মানুষের বিশ্বাস, নেতৃত্বের দূরদর্শিতা এবং সম্মিলিত উদ্যোগে বাস্তবে রূপ পায়। আজ বরিশালের আকাশে যে উচ্ছ্বাস, নদীর জলে যে আলো, মানুষের কণ্ঠে যে স্বাগতধ্বনি তার অন্তর্নিহিত অর্থ একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের আকাঙ্ক্ষা। জননন্দিত প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফর সেই আকাঙ্ক্ষাকে আরও দৃশ্যমান করেছে। মানুষের প্রত্যাশা আজকের বৃক্ষরোপণের চারাগুলো যেমন একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে, তেমনি আজ উচ্চারিত উন্নয়নের অঙ্গীকারও ভবিষ্যতে বাস্তব সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। কীর্তনখোলার বাতাস, দক্ষিণের সবুজ মাঠ, নদীর অবিরাম স্রোত আর মানুষের অকৃত্রিম ভালোবাসা যেন একসঙ্গে উচ্চারণ করে বরিশালের আগামী আরও সম্ভাবনাময় হোক, দক্ষিণাঞ্চলের প্রতিটি স্বপ্ন বাস্তবতার আলোয় উদ্ভাসিত হোক, আর উন্নয়নের এই যাত্রা পৌঁছে যাক প্রতিটি ঘর, প্রতিটি জনপদ এবং প্রতিটি মানুষের জীবনে।

ডেস্ক রিপোর্ট 






















