ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্তর থেকে মেশিনগানের একটি কার্তুজ (বুলেট) উদ্ধার করেছে পুলিশ। যা সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা আকৃতির। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় পুলিশ ঘটনা স্থলে গিয়ে কার্তুজটি (বুলেট) উদ্ধার করে যব্দ করেন।
জানাযায়, শনিবার বিকেলে নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান নামের এক ছেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু প্রথমে দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যায় পরের দিন রবিবার স্কুলের বন্ধুদের দেখাতে নিয়ে যায়। টিফিন টাইমে এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ কার্তুজটি উদ্ধার করে।
নবম শ্রেণীর শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান জানান, আমি মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামা সদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে খেলনা ভেবে বাসায় নিয়ে যাই। পরের দিন এলাকার এক বড় ভাই জিহাদ হোসাইনকে দেখালে তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে বলে সেটি কার্তুজ(বুলেট)।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কার্তুজটি(বুলেট) উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করছি এটি মেশিনগানের কার্তুজ। এটি লম্বায় প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি। এটি কিভাবে এখানে এলো সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে ।

ডেস্ক রিপোর্ট 






















