বরিশাল প্রতিনিধি: ঝালকাঠি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বক্তব্যে এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই সহায়তা করে না, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অভিযানে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী মো. ফাতেহ ইসলাম রাফি (বাছেদ), আবির লস্কর, সাথীল হাওলাদার, ফারহান জামিল, হাফিজা আক্তার, বাহাউদ্দীন, নিলয়, হাসিবুর রহমান, শুভ্র হালদার শান্ত, তকি-সহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

ডেস্ক রিপোর্ট 






















