বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছোট ভাইজোড়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খেলা দেখতে ভিড় করেছে মানুষ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছোট ভাইজোড়া ও খুচনিচোরা অংশগ্রহণ করে। ছোট ভাইজোড়াকে ৫-২ সেটে হারিয়ে জয়লাভ করে খুচনিচোরা।
খেলা দেখতে আসা আলম হাওলাদার বলেন, ‘হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে। খেলার খবর পেয়ে দেখতে এসেছি। অনেক মানুষ হয়েছে। খেলা দেখে বিকেলটা খুব ভালো কেটেছে।’

রিয়াজ হোসেন বলেন, ‘বিকেল হলে গ্রামবাংলার ঐতিহ্য গ্রামীণ খেলা চোখে পড়তো। এখন গ্রাম্য খেলাধুলা বিলুপ্তির পথে। অনেকদিন পর হাডুডু খেলা দেখে হারানো ঐতিহ্য ফিরে পেলাম।’
আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

ডেস্ক রিপোর্ট 






















