দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরিচালিত ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। একই সাথে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সুইসগেট এলাকায় অবস্থানরত ব্র্যাকের গনিত, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক ভাসমান শিক্ষা তরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরে দুপুর ১২টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে ৩৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল একটি করে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর, ব্র্যাকের পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মো. নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রু ইসলাম চৌধুরী ব্র্যাকের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ বিকাশে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















