কলাপাড়া প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় ” দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে ৪ জন সফল উদ্যোক্তাকে ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) সহকারি পরিচালক, আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ,
উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মো. সবুজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুব শক্তি আছে, এটাই যুব সমাজের বড় সম্পদ। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

ডেস্ক রিপোর্ট 





















