বরগুনা প্রতিনিধি: সামাজিক বিভেদ দূর করে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা। তরুণদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনে উঠে এসেছে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা, অন্তর্ভুক্তি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বরগুনায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা জেলা শিল্পকলা একাডেমিতে সমবেত হন। সেখানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বিএনপির বরগুনা জেলা শাখার সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এ. জেড. এম. সালেহ এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর পরিচালক মো. শহিদুল ইসলাম। মেলার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন এনএসএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, সম্প্রীতিবিষয়ক স্টল প্রদর্শনী, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্য। এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, মত, সংস্কৃতি ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও সহমর্মিতা গড়ে তোলার বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তরুণদের নেতৃত্ব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রীতির চর্চাকে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয় মেলায়।
আয়োজকরা জানান, তরুণদের সম্প্রীতির দূত হিসেবে গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে আরও বেগবান করবে।

ডেস্ক রিপোর্ট 























