ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলার নথিতে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আদালত থেকে মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশী দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে অন্য একজনের নাম বসিয়ে দেওয়ার ঘটনায় সেই মামলার বাদী মো. নূরে আলমকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জালিয়াতির এ ঘটনায় ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতের মূল নথি এভাবে ঘষামাজা ও কাটাকাটি করে পরিবর্তন করার বিষয়টি আদালতের নজরে আনার পর তার নির্দেশেই মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামি নূরে আলমকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলাটির শুনানির ধার্য তারিখে এ জালিয়াতির সূত্রপাত ঘটে। গত ২০ সেপ্টেম্বর ওই মামলার শুনানির জন্য নথিটি আদালতে উঠলে মামলার বাদী মো. নূরে আলম নিজের প্রয়োজনে দেখার জন্য বেঞ্চ সহকারীর কাছ থেকে নথিটি নেন। পরে সন্ধ্যায় নথি গোছানোর সময় বেঞ্চ সহকারী দেখতে পান, নথির মূল নালিশী দরখাস্তে গুরুতর কাটাকাটি ও জালিয়াতি করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























