একসময় ফুটবল মাঠে নিজের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু চোটে সেই ছন্দ হারিয়েছেন নেইমার। এবার ফুটবলকে বিদায় জানানোর কথাও গুরুত্বের সঙ্গে ভাবছেন ব্রাজিলিয়ান তারকা। শারীরিক সমস্যার কারণে নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার হতাশা তাকে অবসরের দিকে ঠেলে দিচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপচারিতায় অবসরের ইঙ্গিত দিয়েছেন ৩৪ বছর বয়সী নেইমার।
আলাপে নেইমার জানিয়েছিলেন, কিংস লিগে খেলতে চান এবং ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে তার। তখন গুয়েদেস মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু নেইমার বলেন, ‘না, আমি পারব না।’ এরপর গুয়েদেস একই কথা বললে নেইমারের জবাব, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
নেইমারের কথায় স্পষ্ট, দীর্ঘদিনের চোটের ধকল তার শরীর ও মন—দুইয়ের ওপরই প্রভাব ফেলেছে। প্রতিবার মাঠে ফেরার পর আবারও চোটে পড়ার আশঙ্কা তার খেলায় ছন্দ ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে অবসর এখন আর কেবল দূরের কোনো ভাবনা নয়, বাস্তব সম্ভাবনা হিসেবেই বিবেচনা করছেন ব্রাজিলের এই তারকা।
বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে ফুটবলে আর কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি তিনি।

ডেস্ক রিপোর্ট 






















