পটুয়াখালী প্রতিনিধি: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় ৪৫ জন তরুণ-তরুণীকে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কুয়াকাটা আভাস ট্রেনিং সেন্টারে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার, পটুয়াখালী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে. এম. জাহিদ হোসেন, কলাপাড়া উপজেলা ভলান্টিয়ার তমা এবং কুয়াকাটা ভলান্টিয়ার কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম।
কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য, প্রচলিত সামাজিক ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সচেতনতা ও সামাজিক অ্যাডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ গঠন এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই নয়, বরং সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কর্মসূচি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ডেস্ক রিপোর্ট 






















