রংপুরে কারাগারে থাকা যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
সোমবার (২ মার্চ) রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তামজিদুর রশিদ গালিবকে র্যাব-১৩ গ্রেপ্তার করেছে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ান জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।
আজ দুপুরে ফেসবুক লাইভে এসে হুমকির ঘটনার ভিডিওটি অংশ বিশেষ প্রকাশ করায় ঘটনাস্থলের প্রেক্ষাপট ও আলাপচারিতা সম্পর্কে সাধারণ মানুষের ভুল তথ্য পৌঁছেছে দাবি করেছেন যুবদল নেতা আকিবুল রহমান মনু।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কখনোই কোথাও কারও কারও চাঁদাদাবি কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত হননি দাবি করে তিনি আরও বলেন, ডিস ও ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত ঝামেলা ছিল তামজিদুর রশিদ গালিবের সাথে। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানে তিনি মায়া সাইবার ওয়ার্ল্ডের অফিসে গিয়ে কথাবার্তার একপর্যায়ে ভুল বোঝাবুঝিতে সেখানে উচ্চবাচ্যের ঘটনা ঘটে। এটাকে তিনি ষড়যন্ত্র হিসেবে অ্যাখা দিয়ে পুরো ঘটনার ভিডিও বিশ্লেষণ করে তা প্রকাশের দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















