মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরের কালকিনি উপজেলার ডাকবাংলো মাঠে মাসব্যাপী “ঈদ আনন্দ মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
মেলা উদ্বোধন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই মেলায় নানা বয়সী মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসেন অনেকেই।

মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর দোকান, শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি বৃহৎ আয়োজনকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, কালকিনিতে বিনোদনের সুযোগ তুলনামূলক কম হওয়ায় ঈদ আনন্দ মেলা সাধারণ মানুষের জন্য বাড়তি আনন্দের খোরাক জুগিয়েছে। মেলার মাধ্যমে ব্যবসায়ীরাও তাদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে মেলার কার্যক্রম শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সেই পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, “বিএনপি একটি ব্যবসাবান্ধব সরকার। অপপ্রচার চালিয়ে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।”
আয়োজকরা জানান, মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী এই ঈদ আনন্দ মেলা কালকিনির মানুষের জন্য বাড়তি বিনোদনের সুযোগ সৃষ্টি করেছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মেলাটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজক ও স্থানীয়রা।

ডেস্ক রিপোর্ট 






















