লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, খাল পুনঃখনন, মাছের পোনা অবমুক্তকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ উন্নয়নেও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। খাল থেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে এবং বর্তমানে পানিপ্রবাহও রয়েছে। এরই অংশ হিসেবে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব কর্মসূচির সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
অনুষ্ঠান শেষে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্ত করার জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ আরও অনেকেই।

ডেস্ক রিপোর্ট 






















