খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া গ্রামে জরাজীর্ণ ঘরে বসবাস করা ৮০ বছর বয়সী আব্দুর রহিম ও তাঁর ৬৫ বছর বয়সী স্ত্রীকে নতুন ঘর উপহার দিয়েছে চট্টগ্রামভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন আস-সাদাকাহ দ্বীনি ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছিলেন আব্দুর রহিম। বয়সের ভার ও আর্থিক অসচ্ছলতার কারণে নিজের পক্ষে নতুন ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে রোদ-বৃষ্টি ও ঝড়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতে হচ্ছিল এই বৃদ্ধ দম্পতিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিমের অসহায়ত্বের বিষয়টি আস-সাদাকাহ দ্বীনি ফাউন্ডেশনের প্রতিনিধি মোওলানা মোহাম্মদ শাহজালালের নজরে আসে। পরে তাঁর মাধ্যমে বিষয়টি সংগঠনটির কাছে পৌঁছালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুর রহিমের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আব্দুর রহিম ও তাঁর স্ত্রী। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদ আশ্রয় পাওয়ায় তাঁদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তি।
আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে ভাঙা ঘরে অনেক কষ্টে বসবাস করেছেন। নতুন ঘর পেয়ে এখন তিনি ও তাঁর স্ত্রী নিরাপদে থাকতে পারবেন। এ জন্য আস-সাদাকাহ দ্বীনি ফাউন্ডেশন ও মাওলানা মোহাম্মদ শাহজালালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আস-সাদাকাহ দ্বীনি ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মোহাম্মদ শাহজালাল বলেন, আব্দুর রহিমের দীর্ঘদিনের অসহায়ত্বের কথা জানতে পেরে বিষয়টি আমরা ফাউন্ডেশনের কাছে তুলে ধরি। তাঁর বয়স ও আর্থিক অবস্থার কথা বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একজন অসহায় বৃদ্ধ ও তাঁর স্ত্রী যেন নিরাপদে বসবাস করতে পারেন—এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।
স্থানীয়রা জানান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঘর নির্মাণ করে দেওয়ার মতো উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করছে। সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবার নিরাপদ আশ্রয় পেতে পারে।
আব্দুর রহিমের জন্য নতুন ঘর নির্মাণের মাধ্যমে শুধু একটি আবাসনের ব্যবস্থা হয়নি; দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে থাকা এই বৃদ্ধ দম্পতির জীবনে ফিরেছে নিরাপত্তা ও স্বস্তি।

ডেস্ক রিপোর্ট 






















