সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলার ৭ হাজার ৯১৭ জন সদস্য-সদস্যার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ হাজিরা প্যারেড। দায়িত্বপালনে দক্ষতা যাচাই, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পরিচালক এ এস এম আজিমউদ্দিন, ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক এফতেখারুল ইসলাম। সাতক্ষীরা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন।

খুলনা রেঞ্জ’র উপমহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনী দায়িত্ব একটি জাতীয় দায়িত্ব। জনগণের আস্থা অর্জন এবং কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় প্রয়োজন।উপমহাপরিচালক ফরিদী আরও বলেন, শৃঙ্খলা ও প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যরা সবসময় রাষ্ট্রের পাশে থেকেছে। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়াতে এ ধরনের প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন বলেন, সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সদস্যরা প্রস্তুত। জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে আমরা দায়িত্বশীলভাবে কাজ করবো।
অনুষ্ঠান শেষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
জেলা কমান্ড্যান্ট মো: রুবেল হোসাইন জানান, সাতক্ষীরা জেলার ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩ জন সদস্য-সদস্যা মোতায়েন থাকবে, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। এসময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে বাহিনীর মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনামূলক ভিডিও বক্তব্যও প্রদর্শন করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















