ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আ স ম আব্দুস সামাদ (৪৮) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক ইজিবাইক চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
১ই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন এবং আর মাত্র দুই মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের মাংসের দোকানগুলো পরিদর্শন শেষে ফিরছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির ‘রূপসা পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল ও একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় বাসের ধাক্কায় নুর হোসেন নামের এক ইজিবাইক চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট 
















