চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগ্নাথপুর গ্রামে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতরা হলেন—লুৎফর রহমান (৫৫), তাঁর ছেলে আবু হাসান (২৩), আবু বক্কর সিদ্দিক (৬০), ইকরামুল হক (৪৫), শমিক (২১), আতিয়ার রহমান (৫০) ও শরিফুল ইসলাম (৪৮)। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ডেস্ক রিপোর্ট 






















