দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :কারাগারে বন্দি অবস্থায় মৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খানের মরদেহ ২৪ ঘন্টা পর দাফন সম্পন্ন হয়েছে। শফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
পটুয়াখালী কারাগারে বন্দি শফিকুল ইসলাম খান শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন।কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৪টায় স্বজনরা মরদেহ নিয়ে নিজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাড়িতে পৌঁছান। সন্ধ্যা সাতটায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ১১ ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।

ডেস্ক রিপোর্ট 













