চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর)-এর বিশেষ অভিযানে নগরীর শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবুকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী এক পেশাদার ছিনতাইকারীও আটক হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিএমপির পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবু ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গ্রেপ্তারকৃত অপরজন পেশাদার ছিনতাইকারী মো. পারভেজ। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার বাসিন্দা এবং চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সিএমপির ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশগেট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহাব উদ্দিন শাবু ছিনতাইকারী চক্রের মূল হোতা এবং কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত মো. পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেস্ক রিপোর্ট 




























