পটুয়াখালী প্রতিনিধি: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, মন্দিরে হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। এই কর্মসুচিতে সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সংখ্যালঘু ঐক্যমোর্চার কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সহ-সভাপতি তপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদর থানা সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার এবং পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় খাসকেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তির আওতার বাইরে থেকে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্ম-বর্নের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে কর্মসুচিতে অংশগ্রহনকারীরা প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















