বয়স ৩৭ পেরিয়েছে, তবু থামার কোনো ইঙ্গিত নেই থমাস মুলারের। কিংবদন্তি এই জার্মান তারকা ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তিতে ২০২৭ সালের এমএলএস ‘স্প্রিন্ট সিজন’ পর্যন্ত কানাডার ক্লাবটিতে থাকবেন তিনি।
২০২৫ সালের আগস্টে বায়ার্ন মিউনিখের ১৭ বছরের অধ্যায় শেষ করে ভ্যাঙ্কুভারে যোগ দিয়েছিলেন মুলার। শুরু থেকেই ক্লাবটির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। এখন পর্যন্ত হোয়াইটক্যাপসের হয়ে ৪৫ ম্যাচে ১৯ গোল ও ১২টি অ্যাসিস্ট করেছেন।
মুলারের নতুন চুক্তি শুধু আরেকটি মৌসুম খেলার সুযোগই নয়, ভ্যাঙ্কুভারের সঙ্গে তার আরও একটি অধ্যায় শুরুরও ইঙ্গিত। ২০২৭ সালে এমএলএসের সূচিতে পরিবর্তন আসার আগে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত হবে সংক্ষিপ্ত ‘স্প্রিন্ট সিজন’। সেই সময়েও দলের হয়ে খেলবেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
চুক্তি নবায়নের পর মুলার জানিয়েছেন, এখনো মাঠে নামতে তার ভালো লাগছে এবং শারীরিকভাবেও নিজেকে ফিট মনে হচ্ছে। ভ্যাঙ্কুভারের হয়ে এই যাত্রা চালিয়ে যেতে পেরে খুশি বলেও জানিয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 






















